গাইবান্ধায় কুকুরের কামড়ে মৃত্যু তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা তদন্ত করে জেলা সিভিল সার্জনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী।

গাইবান্ধায় কুকুরের কামড়ে ১৭ জন আহত এবং পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় মৃতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে এবং আহতদের সরকারি খরচে চিকিৎসার নির্দেশনা চেয়ে আইনজীবী মো. শাফিনুর ইসলাম হাইকোর্টে রিট করেন। এতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের বলেন, গাইবান্ধায় কুকুরের কামড়ে ১৭ জন আহত হন। পরে সরকারি হাসপাতালে টিকা না পেয়ে বেসরকারি হাসপাতাল থেকে টিকা নেন তারা। তারপরও এ ঘটনায় পাঁচজন মারা যান। গাইবান্ধার সিভিল সার্জনকে ঘটনা খতিয়ে দেখে ঈদের ছুটির পর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সেখানে কী ঘটেছিল, কতজন মারা গেছেন, কীভাবে মারা গেছেন, গাফিলতি ছিল কি না, সে বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

  • কামড়
  • কুকুর
  • গাইবান্ধা
  • তদন্ত
  • নির্দেশ
  • প্রতিবেদন
  • মৃত্যু
  • হাইকোর্ট