নওগাঁয় বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজন, বরিশালে দুই শ্রমিকের মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

নওগাঁর রাণীনগরে বজ্রপাতের পৃথক দুটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের মধ্যে দুই কৃষক ফসলের মাঠে ধান কাটতে গিয়ে ও এক যুবক মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়েছেন। এদিকে, বরিশালের গৌরনদীতে আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক।

বৃহস্পতিবার দুপুরের দিকে নওগাঁর রাণীনগরে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) ও আমিনুরের ছেলে তারেক ফকির (২৪) এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)। কৃষক আক্কাস ফকির ও তারেক ফকির সম্পর্কে দু’জন দাদা-নাতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে আক্কাস ফকির ও তারেক ফকির ধান কাটার কাজ করছিলেন। ধান কাটার সময় দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের দুইজনের মৃত্যু হয়।

অন্যদিকে, বৃষ্টির সময় গুয়াতা আটনিতাপাড়া গ্রামের যুবক নয়ন তাকুলদার মাঠ থেকে গরু আনতে যান। এরপর স্থানীয় লোকজন মাঠে গিয়ে দেখতে পান বজ্রপাতে যুবক নয়ন তাকুলদার মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, বজ্রপাতের পৃথক ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।

এদিকে, বরিশালের গৌরনদীতে আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার (২১ মে) দুপুরে গৌরনদী উপজেলার মাহিলাড়ার ভিমেরপাড় এলাকায়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. তৌকির হোসেন জানিয়েছেন, মৃত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তারা হলেন-মাহিলাড়ার ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) ও উজিরপুরের খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)। একইসাথে হাসপাতালে আনা গুরুতর আহত দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকারকে (৪০) প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উল্লেখিত তিনজনে ভীমেরপাড় এলাকার একটি পানবরজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুর দুইটারদিকে বৃষ্টি শুরু হলে তারা পানবরজের পাশের একটি ছাউনীতে আশ্রয় নেয়। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যায় এবং গোপাল গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

  • নওগাঁ
  • বজ্রপাত
  • বরিশাল
  • মৃত্যু