পদ্মা নদী থেকে হাত বাঁধা লাশ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজশাহীর পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া হাত বেঁধে রাখা ও গলায় গামছা প্যাঁচানো লাশটির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের রের সঙ্গে মিলিয়ে পরিচয় বের করার চেষ্টা করেছে। তাতেও পরিচয় শনাক্ত করা যায়নি।

শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরের বড়কুঠি-সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৩ বছর। তার পরনে নেভি ব্লু রঙের জিনসের প্যান্ট ও টিয়া রঙের টি-শার্ট ছিল। গামছার একটি অংশ তার গলায় প্যাঁচানো ছিল। গামছার অপর অংশ দিয়ে হাত বাঁধা ছিল। কয়েক দিন আগে তার মৃত্যু হয়।

রাজশাহী মহানগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ মন্ডল বলেন, লাশ উদ্ধারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতায় আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। কয়েক দিন আগে মৃত্যু হওয়ায় মরদেহে পচন ধরেছে। এ জন্য ঠিকমতো আঙুলের ছাপ পাওয়া যায়নি। তাই এই পদ্ধতিতে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

  • উদ্ধার
  • পদ্মা নদী
  • লাশ