পল্লবীতে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে পল্লবীর সেকশন-৬ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সেকশন-৬ এলাকার একটি ফ্ল্যাটে সেলিনা আফরোজ দীর্ঘদিন ধরে একা বসবাস করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা বলেন সেলিনা আফরোজ। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে।

সেলিনা আফরোজ ছিলেন মৃত খলিলুর রহমান ও আফিয়া রহমানের মেয়ে। পারিবারিক সূত্রে পাওয়া ফ্ল্যাটটিতে তিনি একাই বসবাস করতেন।

পুলিশ আরও জানিয়েছে, তার স্বামী মোবিনুল হক এবং দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করেন। একসময় সেলিনা আফরোজও পরিবারের সঙ্গে কানাডায় ছিলেন। তবে পারিবারিক বিরোধের জেরে প্রায় ১২ বছর আগে দেশে ফিরে এসে পল্লবীর ওই বাসায় একা থাকতে শুরু করেন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ গণমাধ্যমকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

  • অর্ধগলিত
  • নারী
  • পল্লবী
  • মরদেহ