নওগাঁর আত্রাইয়ে কলেজ শিক্ষক নেয়ামুল বাশিরের (৪৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশন এলাকার পাশে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রায় ১২ ঘণ্টা নিখোঁজ থাকার পর শিমুলিয়া গ্রাম এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় শেষবারের মতো তার বড় ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। তখন তিনি আত্রাই রেলস্টেশন এলাকায় অবস্থান করছিলেন এবং এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিল। তবে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় নওগাঁ শহরের দিকে ফেরার পথে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে তিনি জানান।
