রাশিয়া-ইউক্রেন সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরগঞ্জের যুবক নিহত

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাইন বিস্ফোরণে জাহাঙ্গীর হোসেন নামে কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন।  গত ১৮ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীরসহ তিন বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন।

নিহত অপর দুজন হলেন মাদারীপুরের মো. সুরুজ কাজী ও কুমিল্লার মো. ইউসুফ খান। শুক্রবার (২২ মে) সকালে রাশিয়ায় একই সেনাক্যাম্পে থাকা মৃদুল নামের এক বাংলাদেশি যুবক জাহাঙ্গীরের পরিবারকে বিষয়টি জানান।

জাহাঙ্গীর হোসেন প্রতারণার শিকার হয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশ নিতে বাধ্য হন। দুই মাসের যুদ্ধ প্রশিক্ষণ শেষে ফ্রন্টলাইনে পাঠানোর মাত্র এক সপ্তাহের মাথায় ইউক্রেনের মাইন বিস্ফোরণে প্রাণ হারাতে হলো তাকে।

পারিবারিক সূত্রে জানা গেছে,  প্রায় তিন মাস আগে একটি এজেন্সির মাধ্যমে রাশিয়ায় যান জাহাঙ্গীর। পরিবার জানায়, সেখানে প্রথমে তাকে একটি শূকরের খামারে কাজ দেওয়া হয়। পর্যাপ্ত খাবার না পেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সুস্থ হলে রেস্টুরেন্টে চাকরি দেওয়ার কথা বলে ওই এজেন্সি জাহাঙ্গীরসহ সাত বাংলাদেশিকে রাশিয়ান সেনাবাহিনীর হাতে তুলে দেয়। সেখানে জোর করে তাদের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, অফিসিয়ালি এখনো কোনো চিঠি না পেলেও সংবাদ পেয়ে আমরা নিহত জাহাঙ্গীর হোসেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা রাশিয়ায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা বলেন, স্থানীয় চেয়ারম্যান বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেভাবেই ব্যবস্থা নেব।

  • কিশোরগঞ্জ
  • নিহত
  • যুবক
  • রাশিয়া