মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ ঘটনাস্থলেই পড়েছিল।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, ‘খবর নিয়ে জানতে পেরেছি, নিশ্চিন্তপুর এলাকায় মনু নদে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাঁকে গুলি করে।’

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

  • গুলি
  • নিহত
  • বাংলাদেশি
  • বিএসএফ
  • মৌলভীবাজার
  • সীমান্ত