চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুলিবিদ্ধ চতুর্থ শ্রেণির ছাত্রী রেশমি টানা সাতদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৭ মে নগরের রৌফাবাদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রেশমি মাথায় গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় গুলিতে নিহত হন চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার যুবক মোহাম্মদ রাজু (২৪)।
গুলিবিদ্ধ রেশমিকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা নিয়ে নিউরো সার্জারি, অ্যানেসথেসিওলজিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল।
চিকিৎসকেরা জানিয়েছিলেন, রেশমির চোখ দিয়ে গুলি ঢুকে তার মস্তিষ্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হলেও শারীরিক অবস্থার কারণে তা করা সম্ভব হয়নি। মাথা থেকে গুলিটিও বের করা যায়নি।
দুই ভাই ও তিন বোনের মধ্যে রেশমি ছিল সবার ছোট। তার বাবা রিয়াজ আহমেদ ভ্যানগাড়িতে শাকসবজি বিক্রি করেন।
