ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ নূর ইসলাম (৫৫) নামের বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মোহাম্মদপুর থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
নূর ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার ভাতিজা ইয়াসিন জানান, মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডে অবস্থিত বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন নুর ইসলাম। বেলা আড়াইটার দিকে মোটরসাইকেলে আসা ৫-৬ জন দুর্বৃত্ত নূর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তার মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম হয়। খবর পেয়ে নূর ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ইয়াসিন আরও জানান, নূর ইসলামের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার মহিশখালী এলাকায়। তিনি ওই এলাকার ওয়াজেদ আলীর ছেলে। বর্তমানে মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডের একটি বাসায় থাকেন তারা।
মোহাম্মদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। জানা গেছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।
