সুইডেনকে ৫-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস

লেখক:
প্রকাশ: ৬ দিন আগে
ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ড্র করে কিছুটা চাপে পড়েছিল নেদারল্যান্ডস। তবে দ্বিতীয় ম্যাচে এসে সেই হতাশা উড়িয়ে দিয়ে রোনাল্ড কোম্যানের দল। সুইডেনকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। 

হিউস্টনে রোববার (২১ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণ করে নেদারল্যান্ডস। দ্রুত পাস আদান-প্রদান এবং ধারাবাহিক আক্রমণে সুইডিশ রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে তারা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এর ফল পায় ডাচরা। তিজানি রেইন্ডার্সের তৈরি করা আক্রমণ থেকে কোডি গাকপোর পাস পেয়ে কাছ থেকে গোল করেন ব্রায়ান ব্রবি।

গোল হজমের পর দ্রুত সমতায় ফেরার চেষ্টা করে সুইডেন। ভিক্তর ইয়োকেরেস একটি ভালো সুযোগ তৈরি করলেও তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক বার্ট ভারব্রুগেন। তবে ম্যাচের নিয়ন্ত্রণ তখনও ছিল নেদারল্যান্ডসের কাছেই। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রবি। ডেনজেল ডামফ্রিস ও ডনিয়েল মালেনের দারুণ সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে সহজ সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়ার পর সুইডেন কিছুটা ছন্দ খুঁজে পায়। আলেকজান্ডার ইসাক, ইয়াসিন আয়ারি ও ইয়োকেরেস কয়েকটি আক্রমণ গড়ে তুললেও ডাচ রক্ষণ ও ভারব্রুগেনের দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা।

প্রথমার্ধের শেষদিকে সুইডেন বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় নেদারল্যান্ডস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচ কার্যত নিজেদের করে নেয় ডাচরা। বিরতির পর বদলি হিসেবে নামা ক্রাইসেন্সিও সামারভিল মাঠে নেমেই প্রভাব ফেলেন। ৪৭ মিনিটে তার সূচনা করা আক্রমণ থেকে ডামফ্রিসের পাসে গোল করেন গাকপো। মাত্র সাত মিনিট পর আবারও সামারভিলের তৈরি সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন লিভারপুল তারকা।

চার গোল পিছিয়ে পড়ার পর একাধিক পরিবর্তন আনে সুইডেন। বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা কিছুটা প্রাণ ফেরান দলে। ৫৯ মিনিটে ইসাকের দুর্দান্ত পাস থেকে ডাচ রক্ষণ ভেদ করে গোল করে ব্যবধান ৪-১ করেন তিনি।তবে এরপরও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল নেদারল্যান্ডসের হাতেই। ব্রবি হ্যাটট্রিকের সুযোগ খুঁজলেও সফল হতে পারেননি। অন্যদিকে এলাঙ্গা, ইসাক ও তাহা আলির প্রচেষ্টা বারবার ডাচ গোলরক্ষক ভারব্রুগেনের কাছে ব্যর্থ হয়।

ম্যাচের ৮৯ মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেন সামারভিল। মেমফিস ডিপাইয়ের সঙ্গে দারুণ বোঝাপড়ায় রক্ষণভাগ ভেদ করে এগিয়ে গিয়ে নিখুঁত ফিনিশে নিজের নামও স্কোরশিটে তোলেন তিনি। তাতেই ৫-১ গোলের বড় জয় নিশ্চিত হয় ডাচদের।

ম্যাচে ৪৮ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নেয় সুইডেন, যার ৯টি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু ভারব্রুগেনের অসাধারণ গোলকিপিং তাদের হতাশ করে। অন্যদিকে নেদারল্যান্ডস ১২টি শটের মধ্যে ৭টি লক্ষ্যে রেখে পাঁচবার জালের দেখা পায়।

ব্রায়ান ব্রবি ও কোডি গাকপোর জোড়া গোলের সঙ্গে সামারভিলের একটি গোল যোগ হয়ে নেদারল্যান্ডসকে এনে দেয় টুর্নামেন্টের সবচেয়ে দাপুটে জয়গুলোর একটি। এই জয়ে নকআউট পর্বের খুব কাছাকাছি পৌঁছে গেছে নেদারল্যান্ডস।

  • নেদারল্যান্ডস
  • বিশ্বকাপ
  • সুইডেন