চোর সন্দেহে গণপিটুনি, হাত-পা বাঁধা লাশ পড়েছিল সড়কে

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত মত্তগ্রাম এলাকার শামছু শেখের ছেলে।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে মত্তগ্রাম সড়কের ওপর এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা জানান, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে ভোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। পরে শাহাদাতকে আটক করে রশি দিয়ে বেঁধে মারধর করেন তারা। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে সড়কে লাশ ফেলে সরে যান মারধরকারীরা।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শাহাদাতের বিরুদ্ধে থানায় চুরি সংক্রান্ত ৩টি মামলা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

  • গণপিটুনি
  • মুন্সীগঞ্জ
  • লাশ
  • শ্রীনগর