ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, আহত ১

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া এলাকায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে একটি কলাবাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর হাতুরানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভালুকিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সীমান্তের ৪১ নম্বর মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাতুরানী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি কলাবাগানে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই আহত হন স্থানীয় বাসিন্দা মো. শফি আলম (৩০)।

আহত শফি আলম নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুয়ামতলী গ্রামের বাসিন্দা। তিনি মো. হালু মিয়ার ছেলে। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে একটি ডাম্পার গাড়িযোগে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও আহতের চিকিৎসা চলছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। সীমান্তবর্তী জনপদে বসবাসকারী সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন। বিশেষ করে কৃষিকাজ, বাগান পরিচর্যা ও পাহাড়ি এলাকায় চলাচলের সময় তারা অজানা ঝুঁকির মুখোমুখি হচ্ছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কায়রুল আলম বলেন, ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া এলাকায় একটি মাইন বিস্ফোরণের ঘটনায় একজন ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।

  • আহত
  • ঘুমধুম
  • বিস্ফোরণ
  • মাইন
  • সীমান্ত