জামিন না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ভালুকার ইমন

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বৃহস্পতিবার (২ জুলাই) এইচএসসি পরীক্ষার টেবিলে বসতে পারেনি ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইমন।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ভালুকা মডেল থানা পুলিশ গত ২২ জুন ইমনকে গ্রেপ্তার করে এবং একটি রাজনৈতিক মামলায় পরদিন আদালতে মাধ্যমে কারাগারে পাঠায়।

বৃহস্পতিবার ছিল তার এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষা। কারাগারে থাকায় সে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।
তা ছাড়া একই দিন বৃহস্পতিবার উপজেলার ১১টি এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে মোট ১৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

ইমনের আইনজীবী খোরশেদ আলম জানান, ইমন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডসহ বুধবার আদালতে তার জামিন আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। তাই কারাগারে থাকায় ইমন বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ভালুকা উপজেলা বিভিন্ন এলাকায় মোট ১১টি পরীক্ষা কেন্দ্রে মোট ২ হাজার ৮২৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও এইচএসসির ১০৫ জন, আলিমের ১০ জন এবং কারিগরি ১৫ জন পরীক্ষায় অংশ নেয়নি।

  • ইমন
  • এইচএসসি
  • পরীক্ষা
  • ভালুকা