ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মেক্সিকো নবম মিনিটেই লিড নিয়ে নেয়। ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি করেছেন হুলিয়ান কিনিয়োনেস।
প্রথমার্ধে ৫৭ শতাংশ সময় বল মেক্সিকোর দখলে ছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পায়ে ছিল ৪৩ শতাংশ। গোলে শট এবং অন টার্গেট শট সবকিছুতেই যোজন যোজন এগিয়ে মেক্সিকো। প্রথম ৪৫ মিনিটে মেক্সিকো লক্ষ্যে শট নিয়েছে ১০টি, দক্ষিণ আফ্রিকা ২টি। লক্ষ্য বরাবর মেক্সিকোর শট ছিল ২টি, আফ্রিকার একটি।
ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় মেক্সিকো। তবে সেই সুযোগ হাতছাড়া করেন রাউল জিমিনেজ। তার বা পায়ের জোড়ালো শট ঠেকিয়ে দেন আফ্রিকান গোলকিপার রোনেন উইলিয়ামস। নবম মিনিটে অবশ্য সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথম গোল এনে দেন হুলিয়ান।
১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান হুলিয়ান। তবে এবার শট গোলে রাখতে পারেননি, বারের সামান্য উপর দিয়ে বল চলে যায়।
প্রথমার্ধের শেষদিকে আরও কিছু সুযোগ হাতছাড়া করে মেক্সিকো। তাতে ব্যবধান আর বাড়ানো হয়নি স্বাগতিকদের। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

এর আগে বাংলাদেশের সময় আজ গভীর রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল ২০২৬ ফিফা বিশ্বকাপের। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের সূচনাকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন প্রান্তের সংগীত তারকারা একে একে উঠেন মঞ্চে। তবে রাতের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়। তারা প্রথমবারের মতো দর্শকদের সামনে লাইভ পরিবেশন করেন ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। মুহূর্তেই স্টেডিয়ামজুড়ে তৈরি হয় উৎসবের আবহ!
একে একে মঞ্চ মাতিয়েছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউন্স, মানা, টাইলা ও আরও অনেক আন্তর্জাতিক তারকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেক্সিকান-আমেরিকান অভিনেত্রী সালমা হায়েক। পুরো আয়োজনের নেপথ্যে ছিলেন ইতালিয়ান ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বালিচ, যার হাত ধরে এর আগেও অলিম্পিকসহ বিশ্বের বহু বড় ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠান প্রাণ পেয়েছিল।
