মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। প্রথমার্ধে পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে ফ্রান্সকে লিড এনে দেন এমবাপে। এরপর দেম্বেলের গোলে নিশ্চিত হয় জয়। স্পেন-বেলজিয়াম ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিতে লড়বে ফ্রান্স।

গেল বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। আর এ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে। পার্থক্য শুধু এটাই। ফলাফলে কোনো পার্থক্য নেই। গেল বিশ্বকাপে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। এবারও তাই। একই ব্যবধানে হেরে আফ্রিকান পরাশক্তির বিদায়।

পুরো ম্যাচে দাপট দেখিয়েছে ফ্রান্স। মরক্কো এক মুহূর্তের জন্যেও হুমকি হয়ে দাঁড়াতে পারেনি। প্রথমার্ধে লিড পেয়ে যেতো ফরাসিরা। হয়নি এমবাপের পেনাল্টি মিসে। ফ্রান্সের হয়ে টানা ১৫টি পেনাল্টি কিক সফলভাবে নেয়ার পর, এবারই প্রথম ব্যর্থ হলেন এমবাপে। মরক্কো গোলকিপার বুনোর অসাধারণ বুদ্ধিমত্তায় পরাস্ত হন এই ফরাসি তারকা।

প্রথমার্ধের যোগ করা সময়ে, বক্সের বাইরে থেকে লুকাস দিনিয়ের নেয়া জোরালো শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। মুহুর্মুহু আক্রমণের পরও গোলশূন্য থাকার হতাশা নিয়ে বিরতিতে যায় ফ্রান্স।

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

দ্বিতীয়ার্ধে এমবাপে লিড পেয়ে যায়। চলতি বিশ্বকাপে ৮ম গোল দিয়ে, আসরের সর্বোচ্চ গোলদাতা মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপে। মাত্র ৬ মিনিটের ব্যবধানে দেম্বেলেও গোল করেন। এই গোলে সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যায় ফ্রান্সের। বাকি সময় ফিরে আসার চেষ্টায় মরক্কো চরমভাবে ব্যর্থ। বরং ফ্রান্সের গোল আরো বেশি হওয়ার সুযোগ ছিল।

কোয়ার্টার ফাইনালে একপেশে লড়াইয়ে মরক্কোকে পরাস্ত করেছে ফ্রান্স। সেমিফাইনালে স্পেন-বেলজিয়াম ম্যাচের জয়ী দলকে চ্যালেঞ্জ জানাবে এমবাপে-দেম্বেলের ফ্রান্স।

  • ফ্রান্স
  • মরক্কো
  • সেমিফাইনাল