ছবি: সংগৃহীত
ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন কমন না পড়ায় নকলের সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।
চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু জানান, আইসিটি পরীক্ষায় অংশ নেওয়া ৮৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষা শেষে কেন্দ্র ত্যাগ করে। পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে প্রায় ২০০ পরীক্ষার্থী প্রধান ফটকের সামনে জড়ো হয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকে এবং কলেজ প্রাঙ্গণে ডিম নিক্ষেপ করে।
একপর্যায়ে তারা উত্তর-পশ্চিম পাশের দুটি গেট ভেঙে কলেজে প্রবেশ করে অধ্যক্ষের কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করে। এতে শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সহযোগিতায় পরীক্ষার উত্তরপত্র নিরাপদে পোস্ট অফিসে পাঠানো হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আল ভূইয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, পরীক্ষার্থীদের দাবি ছিল প্রশ্ন কঠিন হয়েছে এবং তারা শিক্ষকদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পায়নি। পরীক্ষা শেষে তারা জড়ো হয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
