চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স সল্ট কারখানায় শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয় বলে জানান তিনি।

দগ্ধ শ্রমিকেরা হলেন দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহমুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, দগ্ধদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজনের অবস্থা তুলনামূলক ভালো। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হতে পারে।

এদিকে, বোয়ালখালী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, সকাল ১০টা ১০ মিনিটে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই এবং ১০টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে কোনো সক্রিয় আগুন পাইনি। শুধু কিছু কাগজে পোড়া ও ধোঁয়ার চিহ্ন ছিল।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা পাঁচ থেকে সাত মিনিট ঘটনাস্থলে কাজ করেন। সেখানে তখন কোনো আহত ব্যক্তি ছিলনা।

আজহারুল ইসলাম আরও বলেন, কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

  • আগুন
  • চট্টগ্রাম
  • দগ্ধ