নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের ডোবা থেকে মারজিয়া নামে এক বছর ছয় মাস নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকালে বাড়ির পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারজিয়া উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকার মাইদুলের সন্তান।
নিহত শিশুর বাবা-মা জানান, তাদের শিশুকন্যা মারজিয়া ২০ জুন বিকালে বাড়ির আঙিনায় খেলা করছিল। হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে খোঁজা খুঁজি করে শিশুটিকে না পেয়ে এক সময় তারা হাল ছেড়ে দেন। কিন্তু সোমবার সকাল ৯টায় প্রতিবেশীরা বাড়ির পাশের ডোবায় শিশুটির ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর পরিবারের অভিযোগ, তাদের শিশুটিকে কেউ হত্যা করেছে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো করেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
