নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. ফজলুল হক নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকায় এক নারীকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ সময় মো. ফজলুল হক ঝগড়া থামানোর চেষ্টা করলে অভিযুক্ত নোবেল শেখ ফোন করে আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। পরে তারা সবাই মিলে ফজলুল হককে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরলেও গতকাল রোববার সকালে মারা যান।

নিহতের পরিবারের দাবি, প্রায় এক বছর আগে নিহতের ছেলে ফারুক হত্যা মামলার বাদী ছিলেন ফজলুল হক। সেই মামলার আসামিদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপসের চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। তাই এ হামলা পূর্বপরিকল্পিত হতে পারে বলে তাদের সন্দেহ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় মো. রবিন নামে একজনকে আটক করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

  • অভিযোগ
  • নারায়ণগঞ্জ
  • বৃদ্ধ
  • হত্যা