ফাইল ছবি
রাজধানীর ভাটারা এলাকায় বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধের ঘটনা দুজন মারা গেছেন। তার সম্পর্কে মামা–ভাগ্নি।
ভাটারার নতুন বাজার ১০০ ফিট এলাকার ওই ঘটনায় মারা যাওয়া দুজন হলেন মো. শাহীন (২৪) ও তার ভাগ্নি হাফছা (৮)। গত মঙ্গলবার ভোরের দিকে দগ্ধ হন তারা।
জানা গেছে, দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগ নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) হাফসার মৃত্যু হয় ও শুক্রবার সকাল ৬টার দিকে শাহীনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ভাটারা এলাকা থেকে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে আমাদের এখানে তিনজন এসেছিল। তাদের মধ্যে শাহীন আজ সকালে মারা যায়।
তিনি জানান, শাহীনের শরীরে ৫০ শতাংশ দগ্ধ ছিল। তার ভাগ্নি হাফছা গতরাত ১২টার দিকে মারা যায়। শিশু হাফছার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল। শাহীনের স্ত্রী ফাহিমা ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
