কঙ্গো ও উগান্ডায় ইবোলার ভয়াবহ বিস্তার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ঘোষণা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে ‘আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত ৩০০-এর বেশি সন্দেহভাজন আক্রান্ত এবং অন্তত ৮৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, ‘পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারি জরুরি অবস্থার মানদণ্ড পূরণ না করলেও প্রতিবেশী দেশগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি।’

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের প্রাদুর্ভাবের কারণ ‘বান্ডিবুগিও ভাইরাস ডিজিজ’ (বিভিডি), যা ইবোলার একটি বিরল ধরন। এ ভাইরাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনুমোদিত ওষুধ বা টিকা নেই।

ডব্লিউএইচও আশঙ্কা করছে, প্রাথমিক নমুনাগুলোর উচ্চ সংক্রমণ হার এবং প্রতিদিন নতুন সন্দেহভাজন রোগী শনাক্ত হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে প্রায় সবাই কঙ্গোতে শনাক্ত হয়েছেন। কেবল দুটি আক্রান্তের ঘটনা প্রতিবেশী উগান্ডায় পাওয়া গেছে।

  • ইবোলা
  • উগান্ডা
  • কঙ্গো
  • ঘোষণা
  • জরুরি
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা