প্রতীকী ছবি
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। বৃহস্পতিবার রাত ১টার দিকে জিয়া (চন্দ্রিমা) উদ্যানের সামনে এ ঘটনা ঘটে। তারা হলেন শেরেবাংলা নগর থানার এসআই মো. সামসুজ্জোহা ও পিওএমে কর্মরত কনস্টেবল হৃদয় হোসেন। দুজনেরই কাঁধে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তারা হলো- রকি ও রাজু ওরফে কালু। তাদের বিরুদ্ধে শাহবাগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি জানান, ছিনতাই করে ব্যাটারিচালিত অটোরিকশায় পালিয়ে যাচ্ছিল তিন যুবক। তখন লোকজনের চিৎকার শুনে টহলে থাকা পুলিশের দুই সদস্য মোটরসাইকেল নিয়ে রিকশাটিকে ধাওয়া করেন। একপর্যায়ে আটকের চেষ্টার সময় ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে। তবে আহত হয়েও ছিনতাইকারীদের ছেড়ে দেননি পুলিশ সদস্যরা। তারা দুজনকে আটক করতে সক্ষম হন।
পুলিশ জানায়, আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শেষে শুক্রবার সকালে তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। আটক দুই ছিনতাইকারীকে এ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজই আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
