ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রাজধানীর বাড্ডা থানায় করা এই মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলামের আদালত এ আদেশ দিয়েছেন।  রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বুধবার (২৯ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক কাজী ইকবাল হোসেন আসামিকে আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে ওইদিন আদালত রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি ড. সুদীপ চক্রবর্তীর সাথে ভিক্টিম মিমোর সম্পর্ক ছিল। ঘটনার আগে গত ২৬ এপ্রিল মিমোর সাথে তার ভিডিও কলে কথা হয়। সেখান থেকেই মিমো আত্মহত্যার প্ররোচনা পান। গ্রেপ্তারের পর আসামিকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই ও ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি চিরকুট পাওয়া যায়, যেখানে লেখা ছিল— ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া…।’ পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীকে আসামি করে মামলা করা হয় এবং এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

  • ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে