যশোরের চৌগাছায় বোনকে নিয়ে বিরোধে ভাইকে ছুরিকাঘাতে হত্যা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় বোনকে নিয়ে বিরোধের জেরে ঝন্টু মিয়া (৩০) নামে এক ওষুধ বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার চাচাতো ভাই আশানুর রহমান (৩২) আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণসাগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ঝন্টু মিয়া উপজেলার মাড়ুয়া গাজীপাড়ার শফিয়ার রহমানের ছেলে এবং আহত আশানুর রহমান একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সোমবার ঝন্টুর কিশোরী মামাতো বোনকে (১৪) দক্ষিণসাগর গ্রামের আমির হোসেনের ছেলে শান্ত মিয়া প্রেমের সম্পর্কের সূত্রে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণসাগর গ্রামে সালিশ বৈঠক হয়। বৈঠকে বোনকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও পরে তা কার্যকর না হওয়ায় উত্তেজনা তৈরি হয়। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শান্ত মিয়ার পক্ষের আবু উবায়দাসহ কয়েকজন ঝন্টু ও তার চাচাতো ভাই আশানুরকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন। আশানুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ভাগিয়ে নেওয়া বোনকে সালিশ বৈঠকে ফেরত চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

  • চৌগাছা
  • ছুরিকাঘাত
  • যশোর
  • হত্যা