গোপালগঞ্জে রিকশাচালককে পিটিয়ে হত্যা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ায় চোর সন্দেহে আল আমিন শেখ (২৫) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ মে) সকালে মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের ডা. এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের রুমের বাথরুম থেকে ওই রিকশাচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিকশাচালক আল আমিন শেখ শহরের মধ্য মিয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতো আল আমিন শেখ। দুই দিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে আল আমিন চুরি করেছে বলে সন্দেহ করা হয়। পরে বুধবার আল আমিনকে কামরুল ও তার সহযোগীরা ওই বাসার আটকে রেখে দফায় দফায় অমানুষিক মারধর করে।

এদিকে ছেলে নিখোঁজ থাকায় আল আমিনের মা খোঁজাখুঁজি করতে করতে বুধবার রাতে অভিযুক্ত কামরুলের বাসায় যান। সেখানে গিয়ে অনেক ডাকাডাকি করার পর অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দিলে ভেতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে ছেলেকে পড়ে থাকতে দেখেন। মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত কেয়ারটেকার কামরুল ঠাকুর বাড়ি ছেড়ে পলাতক রয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির অপবাদ দিয়ে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে মারধরের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

  • গোপালগঞ্জ
  • রিকশাচালক
  • হত্যা