ফাইল ছবি
দেশে হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৭ শিশু মারা গেছে। এই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৩ শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৪ শিশু।বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে।
প্রতিবেদন জানানো হয়, এই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ২০৮। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬,৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২,৩৩৬ শিশু। হামের উপসর্গে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৪০৫ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। মোট মৃত্যু ৪৮৮ জন।
