রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা থেকে মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ওই সড়কে দীর্ঘসময় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অনাকাঙ্ক্ষিত কোনও ঘটনা রোধে সেখানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে রাত দেড়টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে সকালে আবার জমায়েতের ঘোষণা দিয়ে সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা।
আন্দোলনকারীদের ভাষ্য, শিশু রামিসার হত্যাকাণ্ড শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার এমন নৃশংস ঘটনা ঘটছে। বিচার দীর্ঘসূত্রতায় পড়লে অপরাধীরা আরও উৎসাহ পায়। আমরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিক্ষোভকারীরা বলেন, শিশুরা আজ নিরাপদ নয়। অপরাধীরা যেন কোনোভাবেই পার না পায়, সেটাই এখন সবচেয়ে বড় দাবি।
এর আগে সকালে পল্লবী থানার সামনেও বিক্ষোভ করেন স্থানীয়রা। সেখানে তারা রামিসা হত্যার বিচার দাবিতে পুলিশের কাছে স্মারকলিপি দেন এবং দ্রুত তদন্ত শেষ করার আহ্বান জানান। পুলিশ ঘটনাটির তদন্ত দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, শিশুটিকে ধর্ষণ শেষে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা চালানো হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ফ্ল্যাটের ভেতর থেকেই দেহের অংশ উদ্ধার করে পুলিশ। এ চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ ইতোমধ্যে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে।
