সিলেটে খালে ডুবে প্রাণ গেল ২ শিশুর

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের রাহুর খালে এ ঘটনা ঘটে বলে জানান জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

নিহতরা হলো সালেহ আহমেদের সাত বছর বয়সী ছেলে মুন্না এবং কবির আহমদের ছয় বছর বয়সী মেয়ে রাফা। তারা চাচাতো ভাই-বোন।

ওসি মাহবুবুর রহমান বলেন, শিশু দুটির চাচা মাঠে গরু চড়াতে যাচ্ছিলেন। এ সময় তারা চাচার পেছন পেছন যায়। চাচা ফিরে যেতে বললে অসাবধানতাবশত তারা খালের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।

  • মৃত্যু
  • শিশু
  • সিলেট