আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

যাত্রাবাড়ী থানার খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছেন।

গত ১৮ মে এই মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খলিল। ওইদিন একই আদালত ২৩ মে তার উপস্থিতিতে আবেদনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী আজ খায়রুল হককে আদালতে আনা হয়। পরে শুনানি শেষে বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আদেশ দেন। সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে সঙ্গে থাকা বন্ধু-বান্ধবদের নিয়ে মিছিলে অংশ নেন খোয়াইব। এরপর সকাল ১১টার দিকে মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ের দিকে অগ্রসর হয়। এ সময় পুলিশের গুলিতে আহত হলে এলাকার মানুষজন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মর্গে লাশ খুঁজে পান তার বাবা।

প্রসঙ্গত, পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর গত ৩০ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এমতাবস্থায় গত ১৮ মে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তাকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তার না দেখাতে আদেশ দেন।

  • খায়রুল হক
  • গ্রেপ্তার
  • মামলা
  • সাবেক প্রধান বিচারপতি