প্রতীকী ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় ধর্মীয় শিক্ষার আড়ালে শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলাপাড়া জামে মসজিদের ইমাম। শনিবার (২৩ মে) সকালে ওই ইমামকে স্থানীয় লোকজন আটক করে মারধর করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মক্তবে পড়তে আসা শিশুদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী শিশুদের কাছ থেকে বিষয়টি জানার পর অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ইমামের এমন কর্মকাণ্ড ধরার জন্য বেশ কিছুদিন ধরে ওত পেতে ছিলেন। আজ সকালে হাতেনাতে ধরা পড়ার পর জনরোষের মুখে পড়েন তিনি। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে কলাপাড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে, কেরানীগঞ্জে ৪ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১০। তার বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।
অটোরিকশাচালকের কাছ থেকে খবর পেয়ে র্যাব-১০-এর একটি টহল দল শনিবার দুপুরে ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন ঝোপের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
