প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় সুমন (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে পৌর টার্মিনালের চালক ও শ্রমিকরা। গতকাল শনিবার ফতুল্লার পঞ্চবটী মেথরখোলা পৌর টার্মিনালে সুমনের ওপর হামলার ঘটনা ঘটে।
নিহত সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামের নারায়ণ দাসের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক। আটক ব্যক্তির নাম হাতেম (৩০)। তিনি ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এলাকার আলিমুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমন ট্রাকচালক এবং অভিযুক্ত হাতেম একই টার্মিনালে অপর একটি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। হাতেম নিয়মিত মাদক সেবন করতেন। বিষয়টি নিয়ে সুমন প্রতিবাদ করেন এবং ট্রাক মালিককে অবগত করেন। এ নিয়ে হাতেম সুমনের প্রতি ক্ষুব্ধ হন। শনিবার সকাল ১০টার দিকে সুমন কর্মস্থলে যাওয়ার পথে হাতেম পেছন থেকে কাঠ দিয়ে মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে সুমন সংজ্ঞাহীন হয়ে পড়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
