মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি সোনার খনিতে ধসের ঘটনায় অন্তত ২৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় বেঙ্গো প্রদেশে একটি ছোট ও ঐতিহ্যবাহী সোনার খনিতে এই দুর্ঘটনা ঘটে। ধসের পর উদ্ধারকর্মীরা ২৮ জনের মরদেহ উদ্ধার করেন, যাদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম টিপিএকে এক পুলিশ কর্মকর্তা জানান, শ্রমিকরা ওই খনিতে কৌশলগত খনিজ, বিশেষ করে সোনা উত্তোলনের কাজ করছিলেন। হঠাৎ করেই খনিটি ধসে পড়ে এ প্রাণহানি ঘটে।
পুলিশ কর্মকর্তা বলেন, খনির ভেতরে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। উদ্ধারকারী বিভাগের একজন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য।
বেঙ্গো প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ওই অঞ্চলে প্রায় ৭ হাজার অবৈধ খনি শ্রমিক সোনা উত্তোলনের কাজে যুক্ত রয়েছেন। প্রতিবেশী দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে বহু মানুষ কাজের সন্ধানে অ্যাঙ্গোলায় প্রবেশ করে এসব অবৈধ খনিতে কাজ করেন।
