রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে মোট দশটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় পাঁচটি ইউনিট। পরে আরও আটটি ইউনিট পাঠানো হয়। এখন আগুন নেভাতে ১৩টি ইউনিট কাজ করছে।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
