সাতক্ষীরার তালায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২) নামের এক মোটরসাইকেলচালক এবং আরোহী মেহেদী (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, নাসিম ভোরে তার খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে রওনা হয়েছিলেন। মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন মেহেদী। পথে তেঁতুলিয়া এলাকায় ১৮ মাইলের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই নাসিম নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত মেহেদীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
