প্রতীকী ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থানা এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে সলঙ্গা থানা এলাকার ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অটোরিকশার চালকসহ দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সলঙ্গা গ্রামের সোরমান আলী ও বৃ আঙ্গারু গ্রামের গোবিন্দ সূত্রধর। বাকি একজনের পরিচয় জানা জায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, হাটিকুমরুল গোলচত্বর থেকে সলঙ্গাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটির তিন যাত্রী নিহত হন। আহত হন অন্তত তিনজন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
