প্রতীকী ছবি
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের বিল থেকে তোফাজ্জল হোসেন (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার বল্লা ইউনিয়নের সরাগী এলাকার একটি বিল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তোফাজ্জল হোসেন ওই গ্রামের মৃত মোতালেবের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত ২৪ মে দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন তোফাজ্জল। পরদিন স্থানীয়রা তার ব্যবহৃত মোবাইল ফোন, একটি লাইট এবং রক্তাক্ত স্থান দেখতে পান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মঙ্গলবার দুপুরে স্থানীয়রা বিলে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ব্যবসায়িক দ্বন্দ্বকে সামনে রেখে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
