রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে ‘দুর্ঘটনাজনিত’ বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (২৭ মে) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক নাহিদা ইয়াসমিন এ দাবি করেন।

তিনি বলেন, যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে সেখানে ১১ জন মা ও ছয়জন সদ্য ভূমিষ্ঠ শিশু ছিলেন। শিশুদের বয়স ছিল এক থেকে দুই দিনের মধ্যে। সিজারের পর সাধারণত মা ও নবজাতকদের ওই ওয়ার্ডে রাখা হয়।

নাহিদা ইয়াসমিন বলেন, এটি একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ওয়ার্ড হওয়ায় অনেক সময় রোগী ও স্বজনেরা অতিরিক্ত ঠাণ্ডা লাগার অভিযোগ করেন এবং সিস্টারদের এসি বন্ধ রাখতে বলেন।

তিনি আরও বলেন, রাতে হঠাৎ দুটি শিশু অসুস্থ হয়ে পড়লে তাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়। রাত তিনটার পর চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, শিশুরা তখন স্থিতিশীল আছে। পরে তাদের আবার ওয়ার্ডে ফিরিয়ে নেওয়া হয়। তবে ভোর ছয়টার পর দায়িত্বরত নার্স ও মায়েরা লক্ষ করেন, ছয় শিশুই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। পরে সবাইকে দ্রুত নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চার শিশুকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও শেষ পর্যন্ত তাদেরও বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ছয় শিশুত মৃত্যুর কারণ খুঁজতে ঘটনাস্থলে সিআইডিসহ পুলিশ সদস্যরা রয়েছেন।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ওই ওয়ার্ডে এক-দুই দিন বয়সি শিশুদের রাখা হয়। ভোরে হঠাৎ ৬ শিশু মারা যায়। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে সিআইডির টিম এসেছে। অন্যান্য পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন বলে জানান জাহিদুল।

  • আদ-দ্বীন হাসপাতাল
  • মৃত্যু
  • রাজধানী
  • শিশু