চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তার পিতা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে নতুন ব্রিজ এলাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন বিধান মল্লিক ও তার বাবা। পথে নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুর্গাপদ মল্লিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ও মোটরসাইকেল জব্দ করেছে। তবে ঘাতক পিকআপের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
