দাগনভূঞাঁয় যুবকের লাশ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞায় সড়কের ওপর বেঁধে রাখা বাঁশের সঙ্গে বাধা অবস্থায় মো. হেদায়েতুল ইসলাম ইকবাল (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুন) ভোরে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের ‘নতুন বাড়ির দরজা’ নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হেদায়েতুল ইসলাম ইকবাল মোমারিজপুর গ্রামের মৃত আবদুল মুনাফের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সকালে মোমারিজপুর গ্রামে নিজ বাড়ির সামনের সড়কে মোটরসাইকেলসহ ইকবালকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ডুলিবাঁশ উদ্ধার করেছে।

এদিকে ইকবালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মর্জিনা আক্তার হাসনা। তবে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কারও নাম উল্লেখ করতে পারেননি।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

  • উদ্ধার
  • দাগনভূঞা
  • যুবক
  • লাশ