প্রতীকী ছবি
বরগুনায় রাতে নিখোঁজ হওয়ার পর সকালে এক মৌসুমি ব্যবসায়ীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে সদরের বড় গৌরীচন্না খাল থেকে তার দেহ উদ্ধার করা হয়। তবে এখনো তার মাথা উদ্ধার করা সম্ভব হয়নি। মাথা উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন গৌরীচন্না গ্রামের মোনসের আলী ব্যাপারীর ছেলে মো. শামীম ব্যাপারী। তার বয়স আনুমানিক ৪০ বছর। তিনি একজন মৌসুমি ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্বজনরা জানান, রবিবার (৭ জুন) রাত থেকে নিখোঁজ ছিলেন শামীম। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরে আজ সোমবার সকালে বাড়ির সামনে খালের পাশে রক্তের দাগ এবং তার পায়ের জুতা দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খালে তল্লাশি চালিয়ে মস্তকবিহীন মরদেহ খুঁজে পান স্বজন ও স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাথাবিহীন মরদেহ উদ্ধার করে বরগুনা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
বরগুনা সদর থানার ওসি মো. আবদুল আলীম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খালে মাথাবিহীন মরদেহ দেখতে পাই। মরদেহের পেট কাটা ছিল। পরে মাথা খোঁজার জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হয়। তারা এসে দুই ঘণ্টাব্যাপী অনুসন্ধান চালিয়েও মাথার সন্ধান পায়নি। মাথা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
