নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের নামারচর বিলে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ভেলুয়ারচর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে নিপা (৭) ও একই গ্রামের নূরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮)। তারা উভয়েই ভেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

জানা গেছে, সকাল ১০টার দিকে নিপা ও জান্নাতিসহ কয়েকজন শিক্ষার্থী নামারচর বিলে গোসল করতে যায়। এ সময় নিপা ও জান্নাতি পানিতে ডুবে যায়। তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা আশেপাশের লোকজনদের ডেকে আনলে ওই দুই শিশুকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শীলা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ভেলুয়ারচর থেকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নরসিংদী
  • মৃত্যু
  • শিশু