অবশেষে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হরাল বাংলাদেশ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে হরাল বাংলাদেশ। ২১ বছর পর এ জয়ের স্বাদ পেল টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, টি-টোয়েন্টিতে জিতলেও ওয়ানডেতে জয় পায়নি বাংলাদেশ। অবশেষে মিরপুরে আজ মঙ্গলবার দীর্ঘ ২১ বছরের অপেক্ষা শেষে নিজের মাঠে জয় পেল বাংলাদেশ।

তুলনামূলক খর্বশক্তির অজিদের বৃষ্টি আইনে ৮৬ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। পরশু মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ১৪ জুন হবে তৃতীয় ওয়ানডে।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশের। দলীয় ৫ রানেই সাইফ হাসান বিদায় নেন। তবে তানজিদ তামিমের ৫৪ এবং নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ৬৭ রানের ইনিংসে ভিত পায় বাংলাদেশ। কিন্তু মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। সেই পরিস্থিতি সামাল দিয়ে দলকে ২৮৪ রানের লড়াকু পুঁজি এনে দেন মোসাদ্দেক হোসেন। ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে তিনি প্রমাণ করেছেন, দলে তার ফেরার মাহাত্ম্য কতটা। লোয়ার অর্ডারে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ, যিনি ১৬ বলে করেছেন ২০ রান।

২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ২ রানের মাথায় তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন ম্যাথু শট ও মার্নাস ল্যাবুশেনকে। এরপর অজিদের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন পেসার রানা। তিনি ৪১ রান খরচায় শিকার করেন ৪টি উইকেট। বল হাতে মোসাদ্দেকও ছিলেন দুর্দান্ত; ৩৭ রান দিয়ে তার ঝুলিতে জমা পড়ে ২ উইকেট। ক্যামেরুন গ্রিন এক প্রান্ত আগলে রেখে ৫২ রান করলেও, বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া ১৯১ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে। এরপর আর খেলা না গড়ালে ডিএল মেথডে জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।

  • অস্ট্রেলিয়া
  • ক্রিকেট
  • বাংলাদেশ