মামলা না থাকলেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

মামলা না থাকলেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যশোরের বাঘারপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আজগর আলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা কমিটির সাবেক সদস্য। তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

আজগর আলীর ভাই আবদুল হান্নান অভিযোগ করেন, বাঘারপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের বাড়িতে তিনি ও তার ছোট ভাই আজগর আলী বসবাস করেন। গত সোমবার দিবাগত রাত একটার দিকে পুলিশ তাদের বাড়ি আসে। এ সময় তারা পুলিশকে আজ মঙ্গলবার সকালে আসতে বলেন। কিন্তু পুলিশ তা শোনেনি। পুলিশ এ সময় ঘরের বাইরে রাখা কোদাল ও শাবল দিয়ে ঘরের দরজা–জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ মই এনে নির্মাণাধীন বাড়ির দোতলার ছাদে ওঠার চেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে পুলিশ তাঁদের গালাগাল করতে থাকে। একপর্যায়ে আজগর আলী ঘরের দরজা খুলে বাইরে আসেন। দিবাগত রাত তিনটার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

আবদুল হান্নান বলেন, আজগর আলী একসময় যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ছিল। বর্তমানে সে আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের কোনো কমিটিতে নেই। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম, কী কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করছে। কিন্তু পুলিশ আমাদের কিছুই জানায়নি।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, তাকে আটক করা হয়েছে। একটি পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ওই মামলার এজাহারে আজগর আলীর নাম নেই।

ওসি আরও বলেন, আজগর আলী দীর্ঘক্ষণ ধরে ঘরের দরজা খুলতে চাননি। এজন্য আমরা দরজা খোলার চেষ্টা করেছি। তবে কোদাল ও শাবল দিয়ে ঘরের দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা ও গালাগাল করার অভিযোগ ঠিক নয়।

  • অধ্যক্ষ
  • কলেজ
  • গ্রেপ্তার