নীলফামারীতে বালুভর্তি ট্রাক ও ভটভটি উল্টে নিহত ২

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫৯ minutes ago

নীলফামারীর ডোমারে বালুভর্তি একটি ট্রাক ও শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে দুই জনের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সোনারায় বাজারসংলগ্ন পুটির মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ হাবিব।

নিহতরা হলেন-উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার প্রয়াত মফিজ উদ্দীনের ছেলে ভটভটি চালক মমিনুল ইসলাম (৪০) এবং উপজেলার মাহিগঞ্জ এলাকার অকিন্দ্র চন্দ্রের ছেলে ট্রাক শ্রমিক বিকাশ চন্দ্র (২৫)।তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে বালুভর্তি একটি ট্রাক নীলফামারীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ভটভটি দ্রুত মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে উল্টে যায়। এতে বালুভর্তি ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক শ্রমিকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভটভটি চালক মমিনুল মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক শ্রমিক বিকাশ চন্দ্রকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি হাবিবুল্লাহ হাবিব বলেন, আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ট্রাক
  • নিহত
  • নীলফামারী
  • ভটভটি