নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

চার দিন নিখোঁজ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগরতীর থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী শহিদুল আলমের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ৩টার দিকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

গত ১২ জুন চট্টগ্রাম নগরের পাহাড়তলীর গ্রিন ভিউ আবাসিক এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকেই তাঁর খোঁজ পাচ্ছিল না পরিবার। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

নগরীর পাহাড়তলী থানার এসআই মোহাম্মদ নুরুল আমিন বলেন, মঙ্গলবার বেলা ৩টার দিকে সীতাকুণ্ডের সাগরতীর থেকে শহীদুল আলমের মরদেহ নৌ-পুলিশ উদ্ধার করে। লাশটি অর্ধগলিত ছিল। কয়েকদিন আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

এসআই নুরুল আমিন বলেন, শহিদুল নিখোঁজ হওয়ার পর পরিবার থেকে তার সন্ধান চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করলে অনেক প্রতারক পরিবারটির সঙ্গে যোগাযোগ করে। পুলিশ কয়েকটি নম্বর যাচাই করেছে। লাকসামের একটি প্রতারক চক্র ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করেছে।

এ বিষয়ে শহীদুলের চাচা মোস্তফা কামাল বলেন, শহীদুল নিখোঁজের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে ফোন এসেছিল। আমরা সেটি পুলিশকে জানিয়েছি। তার কোনো শত্রু ছিল না। তারপরও কেন তার অস্বাভাবিক মৃত্যু হলো তা তদন্ত করে দেখুক পুলিশ।

  • লাশ
  • শিক্ষার্থী
  • সীতাকুণ্ড