কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে আরও ৭৮ জন দেশে ফিরলেন, ৪ দিনে মোট ফিরলেন ২২১ জন

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে আরও ৭৮ বাংলাদেশি ফিরলেন, ৪ দিনে মোট ফিরলেন ২২১ জন
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম সেন্টার বা প্রতারক চক্রের বন্দিশালা থেকে উদ্ধার হওয়া আরও ৭৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এ নিয়ে গত চার দিনে কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম সেন্টার থেকে মোট ২২১ জন বাংলাদেশি দেশে ফিরলেন। ইতিমধ্যে ফেরত আসা বেশ কয়েকজন ভুক্তভোগী এ ঘটনায় মামলা করেছেন।

এর আগে ১২ জুন ৩৭ জন, ১৩ জুন ৫৪ জন এবং ১৫ জুন ৫২ জন ভুক্তভোগী কম্বোডিয়া থেকে দেশে ফেরেন। ফেরত আসা বাংলাদেশিদের জন্য বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির সাথে মিলে জরুরি সহায়তা ও বাড়িতে পৌঁছানোর জন্য অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ভালো চাকরির কথা বলে বিদেশে নিয়ে এসব বাংলাদেশিকে স্ক্যাম সেন্টারে জিম্মি করা হতো। এরপর তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে অনলাইনে নানা প্রতারণামূলক কাজে বাধ্য করা হতো।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশের নাগরিকদের টার্গেট করে এসব সাইবার প্রতারণা চালানো হতো। আর প্রতারণার নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে এই বাংলাদেশিদের ওপর চলত অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন।

সম্প্রতি কম্বোডিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের কারণেই এসব বাংলাদেশিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান শরিফুল হাসান। 

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, গত দেড় বছরে ১৫ হাজার ৯২১ জন কর্মী চাকরির উদ্দেশ্যে কম্বোডিয়া গেছেন। কিন্তু ফেরত আসা বাংলাদেশিরা জানিয়েছেন, হাজার হাজার কর্মী সেখানে চাকরি না পেয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।

  • কম্বোডিয়া
  • সাইবার
  • সেন্টার
  • স্ক্যাম