নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ভালুকিয়া এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. শফি আলম (৩০) নামে এক যুবক মারা গেছেন। বুধবার (২৪ জুন) রাতে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শফি আলম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী গ্রামের মো. হালু মিয়ার ছেলে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার (২৪ জুন) বিকেলে বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তের ৪১ নম্বর মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাতুরানী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে একটি কলাবাগানে কাজ করতে যান মো. শফি আলম। এসময় হঠাৎ বিকট শব্দে একটি মাইন বিস্ফোরিত হলে তার পায়ের পাতা উড়ে গিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার জেলার উখিয়ার এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

  • আহত
  • নাইক্ষ্যংছড়ি
  • মাইন বিস্ফোরণ
  • মৃত্যু
  • যুবক
  • সীমান্ত