ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। ধ্বসংস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে এখনও মরিয়া হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা। আক্রান্ত এলাকাগুলোতে বিদেশি উদ্ধারকারী দল ও সহায়তাও ইতোমধ্যে পৌঁছাতে শুরু করেছে।
দেশটির সরকার জানিয়েছে, বুধবার সন্ধ্যায় কারাকাস ও আশপাশের এলাকায় আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৩,৩৬০ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো ১৭২ জন আটকা পড়ে আছেন। এ ছাড়া ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ বলে জানা গেছে।
শুক্রবার বিকেলে আবারও ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ওই অপেক্ষাকৃত দুর্বল কম্পন রাজধানী কারাকাস ও নিকটবর্তী মারাকাই শহরেও অনুভূত হয়।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের অসম গতিতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এর মধ্যে লা গুয়াইরা রাজ্যে ভারী সরঞ্জামের সংকট ও সরকারি উপস্থিতি সীমিত থাকায় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা এখনো হাতে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন।
এদিকে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুই ভূমিকম্পে সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার। দ্বিতীয় ভূমিকম্পটি ছিল এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
