প্রতীকী ছবি
ফেনীর ফুলগাজীতে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মুরগীবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হন। এ সময় আরও দুইজন আহত হন। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন ফুলগাজী সদর ইউনিয়নের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাউছার (২৭), একই উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের নুরের ছফার স্ত্রী জাকিয়া আক্তার (৩৫) ও তার মেয়ে ওয়াহিদা আক্তার জুহা (২০)।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, পরশুরাম থেকে ফেনীগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আরও দুইজন আহত হন। তিনি আরও জানান, লাশ ফেনী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
