প্রতীকী ছবি
নওগাঁয় মাদ্রাসার পাশে থেকে আব্দুল্লাহ আল নীরব (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) দুপুরে শহরের নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার এতিমখানার পাশ থেকে মরদেহটি ওই উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ আল নীরব পাবনা জেলার আটঘরিয়া থানার চাঁদভা গ্রামের রুবেল হোসেনের ছেলে ও নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।
মাদ্রাসা সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী নীরব ওই মাদ্রাসায় ৮ম শ্রেণিতে লেখাপড়া করতো এবং মাদ্রাসার এতিমখানায় আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকতো। গতকাল রাতে মাদ্রাসার পাশে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়েছিল। সেখান থেকে তার সহপাঠীরা রাত ১০টার দিকে তাকে আসতে বললেও সে আসেনি। পরে তার সহপাঠীরা এসে ঘুমিয়ে পড়ে। আজ সকালে মাদ্রাসার আবাসিক ভবনের পেছনে স্থানীয়রা ওই শিক্ষার্থীর লাশ পড়ে থাকতে দেখেন। এরপর তারা মাদ্রাসা কর্তৃপক্ষ ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.জহুরুল ইসলাম বলেন, ‘নিহত শিক্ষার্থী আমাদের মাদ্রাসায় লেখাপড়া করতো এবং এতিমখানায় থাকত সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসায় এসে এই ঘটনা জানতে পারি। পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।’
নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান রয়েছে।’
